প্রকাশিত: ২০ জুলাই ২০২৬ , ১০:১৮ এ এম
অনলাইন সংস্করণ
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর রাজধানী বুয়েন্স আইরেসে ছড়িয়ে পড়ে সহিংসতা। খেলা দেখতে জড়ো হওয়া হাজারো সমর্থকের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এতে পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সময় রাত পৌনে ১২টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ইনফোবের খবরে বলা হয়েছে, নিরাপত্তা বেষ্টনী ভেঙে কয়েকজন সমর্থক একটি স্মৃতিস্তম্ভের ওপর উঠে গেলে পরিস্থিতির অবনতি ঘটে। পরে তারা পুলিশ সদস্যদের লক্ষ্য করে কাঁচের বোতল ও বিভিন্ন বস্তু নিক্ষেপ করতে শুরু করেন।
উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস, জলকামান ও রাবার বুলেট ব্যবহার করে। প্রায় ২০ মিনিট ধরে চলা সংঘর্ষে সাতজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আহত বেসামরিক নাগরিকদের মধ্যে একজনকে রাস্তায় পড়ে থাকা অবস্থায় মারধরের ঘটনাও দেখা গেছে।
ঘটনার এক পর্যায়ে পুলিশ কোরিয়েন্তেস অ্যাভিনিউ থেকে বেলগ্রানো অ্যাভিনিউর দিকে অগ্রসর হলে সমর্থকেরা পিছু হটতে শুরু করেন। সংঘর্ষ শেষে সড়কে ভাঙা কাঁচের বোতল ও অন্যান্য ছড়িয়ে-ছিটিয়ে থাকা সামগ্রী দেখা যায়। প্রকাশিত একটি ছবিতে আর্জেন্টিনার জার্সি পরা মাটিতে পড়ে থাকা এক ব্যক্তিকে এক পুলিশ সদস্যকে লাথি মারতেও দেখা গেছে।
এদিকে মাঠের লড়াই শেষ হলেও উত্তেজনা ছড়িয়ে পড়ে খেলোয়াড়দের মধ্যেও। যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে ১-০ গোলে জিতে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে স্পেন। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
রেফারির শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ডের মধ্যেই আর্জেন্টিনার লেয়ান্দ্রো পারেদেস স্পেনের গাভিকে ঘুষি মারেন এবং মাটিতে ফেলে দেন। এ ঘটনায় রেফারি স্লাভকো ভিনচিচ তাকে সরাসরি লাল কার্ড দেখান। পরে স্পেনের এরিক গার্সিয়ার সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায় আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকেও।
পরাজয়ের হতাশার মধ্যেও জাতীয় দলের সম্মানে একদিনের জাতীয় ছুটি ঘোষণা করেছে আর্জেন্টিনা সরকার। নিউইয়র্কে স্পেনের ফুটবলারদের শিরোপা উদযাপনের কয়েক ঘণ্টার মধ্যেই প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এ ঘোষণা দেন। তবে ছুটির দিনটি জাতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে।