প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬ , ০৬:৪১ এ এম
অনলাইন সংস্করণ
ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে বিদায় নিতে হয়েছে থ্রি লায়ন্সদের। এমন পরাজয়ের পর ভেঙে পড়েছেন দলের অধিনায়ক হ্যারি কেইন। তার ভাষায়, এই হার মেনে নেওয়া খুবই কঠিন।
বুধবারের সেমিফাইনালে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় ইংল্যান্ড। ম্যাচের নিয়ন্ত্রণও অনেকটা তাদের হাতেই ছিল। তবে গোল হজমের পর বদলে যায় দৃশ্যপট। এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজের দুই গোলে দুর্দান্ত প্রত্যাবর্তন করে আর্জেন্টিনা, নিশ্চিত করে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল।
ম্যাচ শেষে হতাশ কেইন বলেন, ‘আমি বিধ্বস্ত। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সমর্থকদের জন্য খুব খারাপ লাগছে। আমরা ম্যাচের বেশিরভাগ সময় ভালো খেলেছি এবং প্রথমে গোলও করেছি। কিন্তু এরপর আমরা যেন শুধু লিড ধরে রাখার চেষ্টা করেছি। এই পর্যায়ে সেটা যথেষ্ট নয়। এখানে আসতে আমরা কঠোর পরিশ্রম করেছি এবং সবকিছু উজাড় করে দিয়েছি। এভাবে হারাটা সত্যিই কষ্টের।’
কেন ম্যাচের মোড় ঘুরে গেল, সেটিও ব্যাখ্যা করেছেন ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। তার মতে, গোল করার পর আক্রমণাত্মক ফুটবল থেকে সরে এসে কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ে দল।
কেইন বলেন, ‘প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধের শুরুর দিকে আমরা ভালো চাপ তৈরি করতে পেরেছিলাম। বলের নিয়ন্ত্রণও আমাদের ছিল। কিন্তু গোল করার পর তারা আরও বেশি খেলোয়াড় নিয়ে আক্রমণে আসে, আর আমরা সেই চাপ সামলাতে পারিনি। আমরা শট ব্লক করেছি, প্রতিরোধের চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত সেটা যথেষ্ট ছিল না।’
তবে হতাশার মধ্যেও দলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ইংলিশ অধিনায়ক। তার বিশ্বাস, বড় কোনো শিরোপা জয়ের খুব কাছেই রয়েছে ইংল্যান্ড। শুধু শেষ ধাপটি পেরোনোর জন্য প্রয়োজন সামান্য উন্নতি।
তিনি বলেন, ‘এই টুর্নামেন্টে আমাদের অনেক ভালো মুহূর্ত ছিল। আমরা আবারও সেমিফাইনালে উঠেছি। আমরা অনেক দিন ধরেই বলছি, আমরা দরজায় কড়া নাড়ছি। আমরা খুব কাছাকাছি আছি, কিন্তু শেষ ধাপটি পেরোতে এখনও কিছু একটা ঘাটতি রয়ে গেছে। বিশ্বকাপের মতো টুর্নামেন্ট শারীরিক ও মানসিকভাবে খুব কঠিন। আমরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছি, কিন্তু শিরোপা জিততে যে ছোট্ট পার্থক্যটা গড়ে দেয়, সেটাই এখনও আমাদের মধ্যে অনুপস্থিত।’
বিশ্বকাপের স্বপ্ন ভেঙে গেলেও ইংল্যান্ডের টুর্নামেন্ট এখনও শেষ হয়নি। আগামী ১৮ জুলাই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে থমাস টুখেলের দল। এখন অন্তত ব্রোঞ্জপদক জিতেই বিশ্বকাপ অভিযান শেষ করার লক্ষ্য কেইনদের।