ঢাকা অফিস

প্রকাশিত: ১৪ অক্টোবার ২০২৬ , ১১:৫১ পিএম

অনলাইন সংস্করণ

সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশের নাগরিক: এটিএম আজহার

সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশের নাগরিক: এটিএম আজহার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, বাংলাদেশ সবার দেশ। এখানে সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশের নাগরিক এবং নাগরিক হিসেবে সবার সমান অধিকার রয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় রংপুরের বদরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, ধর্ম প্রত্যেকের ব্যক্তিগত বিষয়। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সবাই শান্তিতে বসবাস করবেন—এটাই প্রত্যাশা। অথচ ধর্মীয় উৎসবে পাহারা দিতে হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বাড়তি দায়িত্ব পালন করতে হয়। এ পরিস্থিতি কেন তৈরি হয়েছে, তা ভেবে দেখতে হবে। এ জন্য মানুষের মানসিকতার পরিবর্তন জরুরি।

তিনি বলেন, ইসলাম অন্য ধর্মের প্রতি আঘাত করতে শেখায় না। কেউ কেউ ইসলামের নাম ব্যবহার করে অন্য ধর্মের মানুষের সঙ্গে বিরোধ সৃষ্টি করে দায় ইসলামের ওপর চাপানোর চেষ্টা করে। সবাই নিজ নিজ ধর্ম পালন করবেন এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন—এটাই কাম্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও ভুল তথ্য ছড়ানোর বিষয়ে সতর্ক করে জামায়াতের এই নেতা বলেন, ফেসবুকে প্রচারিত সব তথ্য বিশ্বাস করা যাবে না। কোনো বিষয়ে সন্দেহ হলে পুলিশ বা উপজেলা প্রশাসনকে জানাতে হবে। মুসলিম ও হিন্দু—সব সম্প্রদায়ের মানুষের প্রতিই তাঁর এ আহ্বান। গুজবের কারণে দেশের স্বাধীনতা ও শৃঙ্খলা বিঘ্নিত হলে সবাই ক্ষতিগ্রস্ত হবেন।

তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কেউ তাদের ফাঁদে পা না দেন। রাজনৈতিক ও নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ভায় সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বদরগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাব্বর হোসেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সামিউল ইসলাম, বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান জাহিদ সরকার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর শাহ মুহাম্মাদ রোস্তম আলী, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী সরকার, জামায়াতের উপজেলা সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল হকসহ বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।