-
🇧🇩
বাংলা মূল ভাষা (Original)
-
🇺🇸
English English
বিশ্বখ্যাত ক্রেডিট কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান আমেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স) চলতি বছরের মুনাফার পূর্বাভাস বাড়িয়েছে। কেনাকাটা, ভ্রমণ ও রেস্তোরাঁয় গ্রাহকদের ব্যয় অব্যাহত থাকা এবং ঋণ পরিশোধের ভালো রেকর্ডের কারণে তৃতীয় প্রান্তিকে প্রত্যাশার অনুকূল ব্যবসা করেছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্সের।
চলতি বছরের জন্য শেয়ারপ্রতি সমন্বিত আয়ের পূর্বাভাস ১৭ ডলার ৩০ সেন্ট থেকে ১৭ ডলার ৯০ সেন্টের পরিবর্তে ১৮ ডলার ৩০ সেন্ট থেকে ১৮ ডলার ৬০ সেন্ট নির্ধারণ করেছে অ্যামেক্স।
গত ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটির সমন্বিত শেয়ারপ্রতি আয় বেড়ে ৪ ডলার ৬৮ সেন্টে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে এ আয় ছিল ৪ ডলার ১৪ সেন্ট। এ সময়ে অ্যামেক্সের মোট রাজস্ব ৯ শতাংশ বেড়ে ২ হাজার ১০ কোটি ডলারে পৌঁছেছে। একই সময়ে কার্ডের মাধ্যমে গ্রাহকদের মোট ব্যয় ৮ শতাংশ বেড়ে ৪৫ হাজার ৪০০ কোটি ডলারে দাঁড়ায়।
আর্থিক ফল প্রকাশের পর প্রাক্-লেনদেনে অ্যামেক্সের শেয়ারের দাম ০.৮ শতাংশ বেড়েছে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্টিফেন স্কোয়েরি বলেন, কার্ডের ব্যবহার বৃদ্ধি, নতুন গ্রাহক অর্জন এবং পুরোনো গ্রাহকদের ধরে রাখার ক্ষেত্রে ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে।
উচ্চ আয় ও ভালো ক্রেডিট স্কোরের গ্রাহকদের ওপর বেশি গুরুত্ব দেওয়ায় অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও অ্যামেক্স ব্যবসায়িক প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছে। পাশাপাশি তরুণ প্রজন্মের, বিশেষ করে জেনারেশন জেড ও মিলেনিয়াল গ্রাহকদের আকৃষ্ট করতে বিনিয়োগ বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি।
গ্রাহকদের ঋণ পরিশোধের সক্ষমতা ভালো থাকায় সম্ভাব্য ঋণ ক্ষতি মোকাবিলায় তৃতীয় প্রান্তিকে ১০০ কোটি ডলার সংরক্ষণ করেছে অ্যামেক্স। গত বছরের একই সময়ে এ খাতে সংরক্ষণের পরিমাণ ছিল ১৩০ কোটি ডলার।
অ্যামেক্সের গ্রাহকভিত্তি তুলনামূলকভাবে উচ্চ আয়ের মানুষের মধ্যে সীমিত থাকায় প্রতিষ্ঠানটির আর্থিক ফল পুরো অর্থনীতির চিত্র তুলে ধরে না। তবে গ্রাহকদের ব্যয়ের প্রবণতা ও ভোক্তা চাহিদার গতিপ্রকৃতি বুঝতে এর ফলাফল গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে বিবেচিত হয়।