এখন সময় ডেস্ক

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬ , ০৮:২৫ এ এম

অনলাইন সংস্করণ

টানা সপ্তম রাতের মতো ইরানে মার্কিন হামলা, কঠোর হচ্ছে নৌ অবরোধ

ইরানের বিরুদ্ধে টানা সপ্তম রাতের মতো সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী ইরানকে জবাবদিহির আওতায় আনতে এ অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে দেশটির বন্দরগুলোতে নৌ অবরোধ আরও কঠোরভাবে কার্যকর করা হচ্ছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, সর্বশেষ অভিযানে যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজসহ বিভিন্ন সামরিক সক্ষমতা ব্যবহার করা হয়েছে। হামলায় ইরানের নজরদারি স্থাপনা, সামরিক রসদ সরবরাহ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার এবং সামুদ্রিক সক্ষমতাসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়।

সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়, ১৭ জুলাই রাত ৯টা ৩০ মিনিটে (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) এ সামরিক অভিযান শেষ হয়। তবে পরিস্থিতির ওপর নিবিড় নজরদারি অব্যাহত রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যজুড়ে বর্তমানে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।

এদিকে, ইরানের বিরুদ্ধে সামরিক ও কূটনৈতিক চাপ বাড়ানোর অংশ হিসেবে দেশটির বন্দরগুলোতে নৌ অবরোধ আরও জোরদার করার কথাও জানিয়েছে সেন্টকম। মার্কিন বাহিনীর দাবি, চলমান এ অভিযান ইরানের সামরিক সক্ষমতা সীমিত করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে।