এখন সময় ডেস্ক • প্রকাশিত: ১৬ অক্টোবার ২০২৬, ০৯:১৯ পিএম • অনলাইন সংস্করণ

ট্রাম্পের গলফ কোর্স সংস্কারে ৪৩০ গাছ কাটা, ক্ষুব্ধ মার্কিন বিচারক

ট্রাম্পের গলফ কোর্স সংস্কারে ৪৩০ গাছ কাটা, ক্ষুব্ধ মার্কিন বিচারক

ওয়াশিংটন ডিসির একটি সরকারি গলফ কোর্স সংস্কারের জন্য ৪৩০টির বেশি গাছ কেটে ফেলার ঘটনায় ট্রাম্প প্রশাসনের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক। এ ঘটনায় গাছ কাটার ওপর সাময়িক স্থগিতাদেশ জারির পাশাপাশি সংস্কারকাজের যেকোনো পদক্ষেপ নেওয়ার অন্তত ৭২ ঘণ্টা আগে আদালতকে জানানোর নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার বিকেল পর্যন্ত গাছ কাটার ওপর স্থগিতাদেশ দেন ইউএস ডিস্ট্রিক্ট জজ আনা রেয়েস। ইস্ট পোটোম্যাক গলফ কোর্সকে আধুনিক ও পেশাদার মানের গলফ কোর্সে রূপান্তরের পরিকল্পনা নিয়ে দায়ের করা মামলার শুনানিতে এ নির্দেশ দেন তিনি। খবর সিএনএনের।

সোমবারের জরুরি শুনানিতে বিচারক বলেন, আদালতের লিখিত নির্দেশ না থাকলে প্রশাসন আরও শত শত গাছ কেটে ফেলতে পারে বলে তাঁর আশঙ্কা ছিল। শুনানি শেষে প্রশাসনের কর্মকর্তাদের বক্তব্যে অসংগতি নিয়েও কঠোর সমালোচনা করেন তিনি।

সাবেক ও বর্তমান প্রশাসনের বিভিন্ন প্রকল্পের অংশ হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে একাধিক সংস্কার উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে ইস্ট পোটোম্যাক গলফ কোর্স সংস্কার অন্যতম। প্রকল্পটি বাস্তবায়নে ২ কোটি থেকে ৪ কোটি ৯০ লাখ ডলার ব্যয় হতে পারে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৪০ কোটি থেকে ৫৮৮ কোটি টাকা।

তবে গলফ কোর্সটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত ও সাশ্রয়ী বিনোদনকেন্দ্র হিসেবে বজায় রাখার দাবিতে স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে। সংস্কার পরিকল্পনার ফলে জনসাধারণের প্রবেশাধিকার ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সমালোচকেরা।

এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রথমে গাছ কাটার ঘটনাকে নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে উল্লেখ করে। তাদের দাবি ছিল, এর সঙ্গে ট্রাম্পের সংস্কার পরিকল্পনা বা নকশা পরিবর্তনের সম্পর্ক নেই। তবে শনিবার সকাল থেকে শ্রমিকদের গাছ কাটার ঘটনায় সেই বক্তব্য নিয়ে প্রশ্ন ওঠে।

মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গলফ কোর্সে গাছ কাটা কিংবা অন্য কোনো পদক্ষেপ নেওয়ার অন্তত ৭২ ঘণ্টা আগে আদালতকে অবহিত করতে হবে। বিচারকের এই নির্দেশে ট্রাম্প প্রশাসনের সংস্কার পরিকল্পনা আপাতত আইনি বাধার মুখে পড়ল।