ঢাকা অফিস • প্রকাশিত: ০৭ ডিসেম্বার ২০২৫, ০৮:৪৩ এ এম • অনলাইন সংস্করণ

‘দাদাগিরি দেখতে বা বরদাশত করতে রাজি নই’: জামায়াত আমির

‘দাদাগিরি দেখতে বা বরদাশত করতে রাজি নই’: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তারা শুধু আল্লাহ তায়ালাকে ভয় করেন এবং বাকিদের কোনো গুরুত্ব দেন না। তবে তিনি বিশ্বের সব শান্তিকামী দেশকে সম্মান জানানোর কথা বলেছেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, কেউ যেন বাংলাদেশের ওপর কোনো ‘দাদাগিরি’ করতে না আসে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, "বাংলাদেশ চলবে আল্লাহ তায়ালার নির্দেশ মোতাবেক। এই দেশের জনগণের পছন্দের বাইরে কারো পছন্দ-অপছন্দের কথা আমরা শুনতে চাই না।" তিনি জানান, এখন রাস্তাঘাটে, হাটেবাজারে, নগরে বন্দরে মুক্তি-পাগল মানুষ আগামীতে কোথায় ভোট দেবে তা জানিয়ে দিচ্ছে এবং তারা এখন আর কারো রক্তচক্ষুকে পরোয়া করছে না।

ডা. শফিকুর রহমান বিদেশি শক্তির ভয় দেখানো প্রসঙ্গে বলেন, "যারা ইসলামী এবং দেশপ্রেমিক নেতাকর্মীদের অন্যদের রক্তচক্ষুর ভয় দেখান, তাদেরকে পরিষ্কার বলি—তারা হাসি হাসি মুখে ফাঁসি বরণ করতে পারে, মেহেরবানি করে তাদেরকে কোনো কিছুর ভয় দেখাবেন না।" তিনি পুনর্ব্যক্ত করেন, "আমরা ভয় করি শুধু আল্লাহ তায়ালাকে। বাকি যাদের কথা বলেন, তাদেরকে আমরা কোনো পাত্তাই দিই না।"

তিনি আরও বলেন, যারা অন্যদের 'তল্পিবাহক' হবে, তাদের উচিত হবে আগে যারা তাবেদারি করেছে তাদের থেকে শিক্ষা নেওয়া।

জামায়াত আমির মন্তব্য করেন, একদল অপকর্ম করে পালিয়েছে, আরেকদল সেই অপকর্মের দায় কাঁধে তুলে নিয়েছে। ফ্যাসিবাদের কালো ছায়া এখনো কাটেনি। তিনি বলেন, একসময় বিরোধী রাজনৈতিক নেতাদের, আলেম-ওলামাকে জেল, নির্যাতন, ফাঁসি ও দেশছাড়া করার যে প্রবণতা ছিল, সেটি এখনো থামেনি। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, দেশবাসী আশা করেছিল রাজনীতিবিদরা অতীতের অপকর্মের পরিণতি থেকে শিক্ষা নিয়ে নতুন রাজনীতি শুরু করবেন, কিন্তু একদল সেই পুরাতন ধারায় পড়ে রয়েছে এবং কোনো সংস্কারে রাজি না।

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জনগণ আগামী নির্বাচনে তাদেরকে লালকার্ড দেখানোর জন্য প্রস্তুত। তিনি মহান আল্লাহর ওপর ভরসা করে বলেন, কেউ যদি আগামী নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করে, তবে জনগণের সব ষড়যন্ত্র ভণ্ডুল করে দেবে। তিনি আরও সতর্ক করেন, কেউ যদি 'বাঁকা পথে প্রশাসনিক ক্যু’র মাধ্যমে নির্বাচনের ক্রেডিট হাইজ্যাক' করার চিন্তা করে, তবে "সেই সূর্য ডুবে গেছে, এই সূর্য আর বাংলাদেশে উঠবে না।"

জোটের বাইরে থাকা ইসলামী দলগুলোকে উদ্দেশ্য করে তিনি অনুরোধ করেন, সব জাল ছিন্ন করে তাদের 'আঙিনায়' চলে আসতে। তিনি বলেন, "এখন যেখানে ঘোরাফেরা করছেন, এটা আপনাদের আঙিনা না। তাদের সঙ্গে আপনাদেরকে মানায় না। আপনারা বড় বেমানান হয়ে গেছেন। আপনারা ঘরের ছেলে ঘরে চলে আসুন। আমরা আপনাদেরকে বুকে জড়িয়ে কবুল করব, অভিনন্দন জানাবো, ইনশাআল্লাহ।"