ঢাকা অফিস • প্রকাশিত: ১৬ ডিসেম্বার ২০২৫, ১১:৪৯ পিএম • অনলাইন সংস্করণ

‘আওয়ামী লীগ দেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল’: জামায়াত আমির

‘আওয়ামী লীগ দেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল’: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে অতীতের ‘বস্তাপচা’ রাজনীতি এ দেশে আর চলবে না এবং এর পাহারাদাররাও অচল হয়ে যাবে। তিনি বলেন, “স্বাধীন বাংলাদেশকে আওয়ামী লীগ সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল।” একই সঙ্গে তিনি নতুন ধারার রাজনীতি শুরুর অঙ্গীকার করেন, যা দেশ, জাতি, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে থাকবে।

বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বিজয় ম্যারাথনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন। একই দিন সকালে যুব র‍্যালি ম্যারাথন ‘রাজপথে বিজয়ে’ অংশ নিয়েও তিনি তার বক্তব্য পুনর্ব্যক্ত করেন।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, স্বাধীনতার পর একটি পরিবার, একটি গোষ্ঠী ও একটি দলকে সুবিধা দেওয়ার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনা তৈরি করা হয়েছিল। তিনি বলেন, “সোনার বাংলার প্রতিশ্রুতি দিয়ে তারা শ্মশান বাংলা তৈরি করেছে। আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল। জামায়াতে ইসলামী সেই রাজনীতিকে পায়ের নিচে চেপে ধরে সমাপ্তি টানতে চায়।”

তিনি উল্লেখ করেন, এখন এমন রাজনীতি দরকার যা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর পক্ষে থাকবে এবং দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি, মামলাবাজি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। তিনি বলেন, “আমরা আমাদের দলের বিজয় চাই না, চাই ১৮ কোটি মানুষের বিজয়। জনগণের বিজয়ই হবে আমাদের বিজয়।”

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের মধ্য দিয়েই নতুন বাংলাদেশের মোড়ক উন্মোচিত হবে। তিনি হুঁশিয়ারি দেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে জনগণই তা প্রতিরোধ করে নিঃশেষ করে দেবে। তিনি আরও স্পষ্ট করে বলেন, তারা নির্বাচন কমিশনের কাছে কোনো আনুকূল্য চান না। তবে কোনো দলকে যদি কমিশন বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করে, তাহলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ষড়যন্ত্র করে লাভ হবে না। কেউ যেন নিজেকে অতিরিক্ত ধূর্ত না ভাবে। মানুষ এখন বুঝতে শিখেছে। কাউকে আর ছাড় দেওয়া হবে না।”