ঢাকা অফিস • প্রকাশিত: ৩১ অক্টোবার ২০২৫, ০৮:২৯ পিএম • অনলাইন সংস্করণ

৩০ দিনের মধ্যে প্রবেশ না করলে ওমরাহ ভিসা বাতিল করবে সৌদি আরব

৩০ দিনের মধ্যে প্রবেশ না করলে ওমরাহ ভিসা বাতিল করবে সৌদি আরব

ওমরাহ মৌসুমে জনসমাগম আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে নতুন নীতিমালা ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী, ওমরাহ ভিসাধারী যদি ভিসা ইস্যুর ৩০ দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশ না করেন, তাহলে তার ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।


এর আগে ভিসা ইস্যুর পর তিন মাস পর্যন্ত সৌদি আরবে প্রবেশের সুযোগ ছিল। মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই নিয়ম আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে। তবে দেশটিতে প্রবেশের পর হাজিদের অবস্থানকাল আগের মতোই তিন মাস থাকবে।


জাতীয় ওমরাহ ও ভিজিট কমিটির উপদেষ্টা আহমেদ বাজাইফার বলেন, “এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো শীত মৌসুমে ওমরাহযাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার আগেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা। একই সঙ্গে মক্কা ও মদিনায় ভিড় নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত জনসমাগম এড়ানোও এর উদ্দেশ্য।”


চলতি ওমরাহ মৌসুমের শুরু থেকে, অর্থাৎ জুন মাস থেকে সৌদি সরকার এখন পর্যন্ত ৪০ লাখেরও বেশি ওমরাহ ভিসা ইস্যু করেছে। এটি গত বছরের তুলনায় রেকর্ডসংখ্যক। মন্ত্রণালয়ের ধারণা, আগামী মাসগুলোতে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে।


ওমরাহযাত্রীদের ক্রমবর্ধমান চাপ মোকাবিলায় সৌদি সরকার আবাসন, পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থাপনা আরও উন্নত ও সহজ করতে নতুন পদক্ষেপ নিয়েছে।


সাম্প্রতিক বছরগুলোতে হজ ও ওমরাহ মন্ত্রণালয় ওমরাহ ব্যবস্থাপনায় একাধিক প্রশাসনিক ও ডিজিটাল সংস্কার কার্যকর করেছে। এর মধ্যে রয়েছে—


* ভিসা প্রক্রিয়া সরলীকরণ

* হাজিদের সেবার মানোন্নয়ন

* মক্কা-মদিনা সফরকারীদের সার্বিক অভিজ্ঞতা উন্নয়ন


মন্ত্রণালয় আশা করছে, নতুন নীতিমালা বাস্তবায়নের ফলে ওমরাহ ভিসা ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং দুই পবিত্র নগরীতে জনসমাগম ও অবকাঠামো পরিচালনা আরও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।