ঢাকা অফিস • প্রকাশিত: ২৬ অক্টোবার ২০২৫, ১২:৫২ পিএম • অনলাইন সংস্করণ

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে নামলেন জেলেরা, আজ থেকেই বাজারে ইলিশ

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে নামলেন জেলেরা, আজ থেকেই বাজারে ইলিশ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ রক্ষায় জারি করা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা গতকাল শনিবার মধ্যরাতে (রাত ১২টায়) শেষ হয়েছে। নিষেধাজ্ঞা শেষে আজ রবিবার সকাল থেকেই দেশের বিভিন্ন নদ-নদীতে নেমেছেন হাজারো জেলে। মেঘনা, তেঁতুলিয়া, পদ্মা ও অন্যান্য নদীতে সারি-সারি নৌকা ও ট্রলার নিয়ে মাছ ধরায় ব্যস্ত সময় পার করছেন তারা।

এর আগে গত ৪ অক্টোবর থেকে শুরু হয়ে ২২ দিনব্যাপী এই নিষেধাজ্ঞা চলেছিল। আশ্বিনী পূর্ণিমার আগের চার দিন ও অমাবস্যার পরের তিন দিনকে অন্তর্ভুক্ত করে সরকার এই সময়সীমা নির্ধারণ করে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটসহ সংশ্লিষ্ট সংস্থার পরামর্শে প্রজনন মৌসুমে মা-ইলিশ সুরক্ষার এই উদ্যোগ নেওয়া হয়। পূর্ণিমা ও অমাবস্যা—উভয় সময়ই ইলিশের ডিম ছাড়ার জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় দুটি পর্যায় মিলিয়ে সর্বোচ্চ প্রজনন নিশ্চিত করা হয়েছে।

নিষেধাজ্ঞার সময় ইলিশ ধরা, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণভাবে বন্ধ ছিল। এই সময়ে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে সাত উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে বিপুল পরিমাণ জাল জব্দ ও দুই শতাধিক জেলেকে আটক করা হয়।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সালের নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়নের ফলে ৫২ দশমিক ৫ শতাংশ মা-ইলিশ নিরাপদে ডিম ছাড়তে সক্ষম হয়েছে। এর মাধ্যমে প্রায় ৪৪ দশমিক ২৫ হাজার কোটি জাটকা বা রেণু ইলিশ উৎপন্ন হয়েছে, যা ভবিষ্যতে পরিপক্ব ইলিশে পরিণত হয়ে দেশের মৎস্যসম্পদে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, দীর্ঘদিন মাছ ধরায় বিরতি থাকায় নদীতে নামার আগে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। কেউ ঋণ নিয়ে জাল ও নৌকা মেরামত করেছেন, কেউবা পুরোনো জালেই নতুন করে জোড়াতালি দিয়েছেন। তাদের আশা, এবারের মৌসুমে ভালো ইলিশ ধরতে পারলে ধার-দেনা শোধ করতে পারবেন।

নিষেধাজ্ঞা শেষ হওয়ায় আজ থেকেই বাজারে ইলিশ মিলবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। সংশ্লিষ্টরা আশা করছেন, এবারের মৌসুমে মা-ইলিশ সংরক্ষণে কঠোর পদক্ষেপের সুফল মিলবে, এবং দেশে ইলিশ উৎপাদন আরও বৃদ্ধি পাবে।