ঢাকা অফিস • প্রকাশিত: ৩০ ডিসেম্বার ২০২৫, ০৬:০১ এ এম • অনলাইন সংস্করণ

১ জানুয়ারি থেকে পূর্বাচলে শুরু হচ্ছে বাণিজ্য মেলা

১ জানুয়ারি থেকে পূর্বাচলে শুরু হচ্ছে বাণিজ্য মেলা

রাজধানীর পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আগামী ১ জানুয়ারি থেকে পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। সোমবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্ধারিত দিনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই মেলার উদ্বোধন করবেন। মেলায় প্রবেশের জন্য সাধারণ দর্শনার্থীদের টিকিট মূল্য ৫০ টাকা এবং ১২ বছরের নিচের শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী এবং জুলাই বিপ্লবে আহতরা যথাযথ কার্ড প্রদর্শন করে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন।

দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে ঢাকার খেজুরবাগান ও কুড়িল বিশ্বরোডসহ নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে ২০০টি বিআরটিসি শাটল বাস চলাচল করবে। কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণের ভাড়া ৪০ টাকা এবং খেজুরবাগান থেকে ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাসগুলো প্রতিদিন সকাল ৮টা থেকে চলাচল শুরু করবে এবং মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ বাসটি রাত ১১টায় ছেড়ে যাবে। বিআরটিসি বাসের পাশাপাশি রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাও-এ বিশেষ ছাড়ের ব্যবস্থাও থাকছে।

পঞ্চমবারের মতো আয়োজিত এই মেলায় বাংলাদেশসহ ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়ার মোট ১১টি বিদেশি প্রতিষ্ঠানসহ সর্বমোট ৩২৪টি প্যাভিলিয়ন ও স্টল অংশ নিচ্ছে। মাসব্যাপী এই মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিনে রাত ১০টা পর্যন্ত চলবে। দর্শনার্থীরা স্পট থেকে টিকিট কেনার পাশাপাশি অনলাইনে টিকিট কিনে কিউআর কোড স্ক্যান করে মেলায় প্রবেশ করতে পারবেন। মেলায় দেশীয় বস্ত্র, ইলেকট্রনিকস, ফার্নিচার এবং হস্তশিল্পসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্যের বিশাল সমাহার প্রদর্শিত হবে।