ঢাকা অফিস • প্রকাশিত: ০৪ ডিসেম্বার ২০২৫, ০৯:২৭ পিএম • অনলাইন সংস্করণ

হুঁশিয়ারি উপেক্ষা করেই তিন দফা দাবি বাস্তবায়নে প্রাথমিক শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

হুঁশিয়ারি উপেক্ষা করেই তিন দফা দাবি বাস্তবায়নে প্রাথমিক শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা শোকজ ও শাস্তির হুঁশিয়ারি উপেক্ষা করে তাদের তিন দফা দাবি বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

বুধবার (৩ ডিসেম্বর) রাতে 'প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ' ও 'বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ' এর যৌথ ভার্চুয়াল বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়। এর ফলে অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ ও 'তালাবদ্ধ' রাখার কর্মসূচি বৃহস্পতিবারও (৪ ডিসেম্বর) অব্যাহত থাকবে।

শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সহকারী শিক্ষকদের বেতন স্কেল সংক্রান্ত বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের ১০ নভেম্বরের প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিশ্রুতি দেওয়া হলেও ২২ দিন পেরিয়ে যাওয়ার পরও তিন দফা দাবি বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এ কারণে সারাদেশে লাগাতার পরীক্ষা বর্জন এবং বিদ্যালয় তালাবদ্ধ রাখার কর্মসূচি চলছে।

আন্দোলনকারীরা আরও উল্লেখ করেন যে, ২০২৩ ও ২০২৫ ব্যাচের শিক্ষকসহ আন্দোলনকারীদের বিরুদ্ধে জেলা শিক্ষা অফিসারদের মাধ্যমে শোকজ নোটিশ জারি করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, তাদের তিন দফা দাবির প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি চলমান থাকবে।

শিক্ষকদের এই তিন দফা দাবির মধ্যে রয়েছে:

সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডের দাবির প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের ১০ নভেম্বরের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী আপাতত ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি করা।

১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান জটিলতার অবসান করা।

সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।