ঢাকা অফিস • প্রকাশিত: ২০ ডিসেম্বার ২০২৫, ০৩:৫৫ এ এম • অনলাইন সংস্করণ

হাদির মৃত্যুপরবর্তী সহিংসতায় উদ্বেগ প্রকাশ করলেন মির্জা ফখরুল

হাদির মৃত্যুপরবর্তী সহিংসতায় উদ্বেগ প্রকাশ করলেন মির্জা ফখরুল

জুলাই অভ্যুত্থানের অন্যতম মুখ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর পরিপ্রেক্ষিতে সংঘটিত সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে তিনি জাতীয় পত্রিকা অফিসসহ বিভিন্ন স্থানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়ভার সরকারের বলে উল্লেখ করেন তিনি। হাদির মৃত্যুতে শোকাহত জাতি যখন তার আত্মার শান্তি কামনা করছে, ঠিক সেই মুহূর্তে প্রথম আলো, ডেইলি স্টার এবং সাংবাদিক নুরুল কবিরসহ একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর হামলা চালানো হয়েছে।

মির্জা ফখরুল বলেন, দেশের সংকটকালীন সময়ে সুবিধা নেওয়ার জন্য যারা অপেক্ষা করে তারা দেশের শত্রু। এই শোকাবহ মুহূর্তকে তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে পরিণত করেছে।

তিনি স্মরণ করিয়ে দেন যে হাদি নির্বাচনে প্রার্থী ছিলেন এবং জনগণের কাছে গিয়েছিলেন। আসন্ন নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, হাদির হত্যাকারী এবং প্রতিটি সহিংস ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। গত এক বছরের অধিক সময় ধরে বিভিন্ন সহিংসতা সমগ্র জাতিকে বিভক্ত করে ফেলেছে।

স্বৈরাচারী সরকারের পতনের পর বর্তমান সরকারের মুখ্য দায়িত্ব হলো জাতিকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক, স্থিতিশীল এবং সবাইকে অন্তর্ভুক্ত করে এমন সমাজ প্রতিষ্ঠা করা বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি সব পক্ষকে দায়িত্বশীলভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং সরকারকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।