ঢাকা অফিস • প্রকাশিত: ০২ নভেম্বার ২০২৫, ১১:৪২ পিএম • অনলাইন সংস্করণ

সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচারে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচারে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যমূলক প্রোপাগান্ডা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির একটি প্রক্রিয়া চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এর আগে ৭ নভেম্বর উপলক্ষে যৌথসভা অনুষ্ঠিত হয়।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশবাসী অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্য দিয়ে সময় পার করছে। মানুষ ভাবছে সামনে কী হতে পারে। দেশের শত্রুরা আবারও সক্রিয় হয়ে উঠেছে বলে দাবি করেন তিনি।

ফখরুল জানান, সময় যতই এগোচ্ছে, ততই বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা স্পষ্ট হচ্ছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার এবং প্রোপাগান্ডার মাধ্যমে পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, যা দেশের রাজনীতিকে আরও জটিল করে তুলছে।

৭ নভেম্বরের প্রসঙ্গে তিনি বলেন, দিনটি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ। ১৯৭৫ সালে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত করা হয়েছিল। সেই ঘটনার পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় শুরু হয়।

তিনি বলেন, জিয়াউর রহমান দেশকে অল্প সময়ের মধ্যেই পুনরুজ্জীবনের দিকে নিয়ে যান। ‘বটমলেস বাস্কেট’ হিসেবে পরিচিত দেশটি সম্ভাবনার নতুন দিগন্তে এগিয়ে যেতে শুরু করে। তার নেতৃত্বে বাংলাদেশ এক উদীয়মান শক্তি হিসেবে পথচলা শুরু করে।

ফখরুল আরও বলেন, জিয়াউর রহমান যেমন জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, আজ তারেক রহমানও প্রবাসে থেকেও দল ও জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে রাজনৈতিক ধারাবাহিকতা গড়ে উঠেছিল, তা ধরে রেখে জাতিকে নতুন আশার আলো দেখাচ্ছেন তিনি।