মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে বয়স সংক্রান্ত বিধিতে জরুরি সংশোধনী এনে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বুধবার (৩ ডিসেম্বর) প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ শিক্ষাবর্ষে সারা দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে (মহানগরী, জেলার সদর উপজেলা এবং উপজেলা সদরে অবস্থিত) প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে। এই চলমান প্রক্রিয়ার মধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ের গত ১৩ নভেম্বর জারিকৃত 'সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালার অনুচ্ছেদ ২-এ শিক্ষার্থীর বয়স নির্ধারণ বিষয়ে সংশোধনী আনা হয়েছে।
সংশোধিত নীতিমালায় উল্লেখ করা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স ৬+ ধরে ভর্তি নিশ্চিত করতে হবে। তবে, কাঙ্ক্ষিত শিক্ষাবর্ষের ১ জানুয়ারি তারিখে শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স ৫ বছর এবং ৩১ ডিসেম্বর তারিখে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত হবে। উদাহরণস্বরূপ, ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য কোনো শিক্ষার্থীর বয়সসীমা সর্বনিম্ন ৫ বছর হবে, যার অর্থ সর্বনিম্ন জন্মতারিখ হবে ১ জানুয়ারি ২০২১ পর্যন্ত, এবং সর্বোচ্চ বয়সসীমা ৭ বছর পর্যন্ত, অর্থাৎ জন্মতারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত হতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ (পাঁচ) বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।