ঢাকা অফিস • প্রকাশিত: ১৪ নভেম্বার ২০২৫, ০৬:৫০ এ এম • অনলাইন সংস্করণ

সম্পাদক পরিষদের নেতৃত্বে এল নতুন কমিটি

সম্পাদক পরিষদের নেতৃত্বে এল নতুন কমিটি

সম্পাদক পরিষদের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নিউ এইজের সম্পাদক নূরুল কবীর। সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ। সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন। পরিষদের সংবিধান অনুযায়ী নবনির্বাচিত এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত সম্পাদক পরিষদের বার্ষিক সাধারণ সভায় নতুন নির্বাহী কমিটির নির্বাচনের মাধ্যমে এই নেতৃত্ব গঠিত হয়।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, করতোয়া সম্পাদক মো. মোজ্জাম্মেল হক এবং দৈনিক ইনকিলাবের সম্পাদক এ. এম. এম. বাহাউদ্দিন।

সভায় উপস্থিত ছিলেন দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, সমকাল সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক ইনাম আহমেদ, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক আবু তাহের এবং ডেইলি সানের সম্পাদক মো. রেজাউল করিম (লোটাস)।

এ ছাড়া অনলাইনে সভায় যুক্ত ছিলেন দৈনিক পূর্বকোণের সম্পাদক ড. এম. রমিজউদ্দিন চৌধুরী ও সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশ্যে মাহমুদ।

সভায় উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটির সবাইকে শুভেচ্ছা জানান এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সম্পাদক পরিষদের কার্যক্রম আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।