হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা একই রকম থাকলেও তিনি চিকিৎসায় সাড়া দিতে শুরু করেছেন বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছে তার দল বিএনপি। চিকিৎসকদের একটি সূত্র বিবিসি বাংলাকে জানিয়েছে, ডাকলে মাঝে মধ্যে সাবেক এই প্রধানমন্ত্রী সাড়া দিচ্ছেন, যা গত তিন দিনের তুলনায় আশাব্যঞ্জক বলে মনে করছেন তারা।
নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর গত রোববার জরুরিভাবে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় তিনি চিকিৎসাধীন আছেন।
বুধবার থেকে তার অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবার রাতে চিকিৎসকেরা দলের শীর্ষ নেতৃত্বকে জানান যে, বেগম খালেদা জিয়ার অবস্থা 'সংকটময়'। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই তথ্য প্রকাশ করেন।
দলীয় প্রধানের এমন অসুস্থতার কারণে বিজয় দিবস উপলক্ষে বিএনপি তাদের পূর্ব ঘোষিত সকল কর্মসূচি স্থগিত করেছে। পহেলা ডিসেম্বর থেকে পনেরই ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত 'মশাল রোড শো'সহ বিজয় দিবসের সব আনুষ্ঠানিকতা স্থগিত করে মিসেস জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার দল।
উল্লেখ্য, আগামী পহেলা ডিসেম্বর চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মশাল রোড শোর মাধ্যমে বিএনপির বিজয়ের মাস উদ্যাপন কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মহাসমাবেশ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রোড শো শেষ হওয়ার কথা ছিল।