ঢাকা অফিস • প্রকাশিত: ০২ ডিসেম্বার ২০২৫, ০৫:৩৪ এ এম • অনলাইন সংস্করণ

সংকটাপন্ন খালেদা জিয়া: 'ভেন্টিলেশনের মতো ডিপ কন্ডিশনে'

সংকটাপন্ন খালেদা জিয়া: 'ভেন্টিলেশনের মতো ডিপ কন্ডিশনে'

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

আহমেদ আযম খান বলেন, "খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। খুবই ডিপ কন্ডিশনে। এর ব্যাখ্যাটা আপনাদের কাছে দিতে চাই না। আপনারা এটিকে ভেন্টিলেশন বা খুব ডিপ কন্ডিশন বলতে পারেন।"

গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয় এবং মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে সেখানে ভর্তি করা হয়। হাসপাতালে বর্তমানে পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

এদিকে, একই দিন সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চিকিৎসকরা খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

বিএনপি মহাসচিব এ সময় দেশের সাধারণ জনগণ খালেদা জিয়ার জন্য দোয়া ও প্রার্থনা করছে উল্লেখ করে সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন।

খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চেষ্টা করে চলেছেন, যেন খালেদা জিয়া সুস্থ হয়ে ওঠেন। দেশী-বিদেশী চিকিৎসকরা যৌথভাবে কাজ করে যাচ্ছেন।"

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তীতে খালেদা জিয়ার চিকিৎসা-সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন ব্রিফিংয়ের মাধ্যমে আপডেট জানাবেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন।

খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশি দল এভারকেয়ারে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য পাঁচ সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে।

মেডিকেল টিমটি সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে। হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী, এই বিদেশি চিকিৎসকদের অধিকাংশই চীনের নাগরিক।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসা তদারকিতে থাকা দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে এই বিদেশি চিকিৎসকরা একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। মেডিকেল বোর্ড মনে করছে যে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার প্রেক্ষিতে অতিরিক্ত বিশেষজ্ঞ মতামতের প্রয়োজন রয়েছে।