ঢাকা অফিস • প্রকাশিত: ২৪ নভেম্বার ২০২৫, ০৫:৫০ এ এম • অনলাইন সংস্করণ

শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠালো বাংলাদেশ

শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠালো বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে। রোববার (২৩ নভেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, এই চিঠি গত শুক্রবার (২১ নভেম্বর) দিল্লিতে পাঠানো হয়েছে। এর আগে গত ১৭ নভেম্বর জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড প্রদান করেছে। একই রায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

রায়ে ট্রাইব্যুনাল উল্লেখ করেছে, শেখ হাসিনা ও দুই আসামির অপরাধ প্রমাণিত। অপরদিকে, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হওয়ায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের প্যানেল রায় ঘোষণা করেছেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এই মামলাটি জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলা, যার রায় ঘোষণা করা হলো।