এখন সময় রিপোর্ট • প্রকাশিত: ২১ অক্টোবার ২০২৫, ০২:০৪ পিএম • অনলাইন সংস্করণ

শিক্ষা ব্যবস্থার দুরবস্থার জন্য আমরাই দায়ী: মির্জা ফখরুল

শিক্ষা ব্যবস্থার দুরবস্থার জন্য আমরাই দায়ী: মির্জা ফখরুল

দেশে শিক্ষা ব্যবস্থার নিম্নমানের জন্য রাজনীতিবিদ, আমলাতন্ত্র এবং সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, “আমাদের দুর্ভাগ্য, দেশে মানসম্মত শিক্ষা ব্যবস্থা নেই। বরং তা এখন অত্যন্ত নিম্নমানের হয়ে পড়েছে। এর জন্য দায়ী আমরা নিজেরাই—রাজনীতিবিদ, আমলারা এবং পুরো ব্যবস্থাটিই।”

তিনি আরও বলেন, সাধারণভাবে বিএ বা এমএ ডিগ্রিধারীদের এখন চাকরি মেলে না, কারণ তাদের প্রয়োজনীয় দক্ষতা তৈরি করা হয়নি। “আজকে একজন গ্র্যাজুয়েট চাকরি পাচ্ছে না। কিন্তু সে যদি পলিটেকনিক থেকে ডিপ্লোমা করতো, তাহলে তার চাকরি কেউ আটকাতে পারত না,” বলেন তিনি।

মির্জা ফখরুল শিক্ষা ব্যবস্থার ঢালাও সংস্কারের ওপর জোর দিয়ে বলেন, “আমাদের উচিত অতি মেধাবীদের জন্য উচ্চশিক্ষার ব্যবস্থা রেখে, অধিকাংশ শিক্ষার্থীদের জন্য টেকনিক্যাল ও ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা। তাহলে সমাজ, অর্থনীতি ও কর্মসংস্থানে ইতিবাচক পরিবর্তন আসতো।”

তিনি অভিযোগ করেন, দেশে বর্তমানে পর্যাপ্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বা ভোকেশনাল সেন্টার নেই। অথচ কর্মসংস্থানের জন্য এসব শিক্ষার গুরুত্ব অপরিসীম।

শিক্ষার্থীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, “তোমাদের তৈরি হতে হবে বিশ্ব প্রতিযোগিতার জন্য। এখনকার পৃথিবী প্রতিযোগিতার। যদি তোমরা সেই প্রতিযোগিতায় টিকতে না পারো, তাহলে পিছিয়ে পড়বে।” তিনি তাদের উদ্যম নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা ও কারিগরি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতারা ও শিক্ষার্থীরা।