বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত ও নির্ভরযোগ্য বন্ধু রাষ্ট্র। পারস্পরিক সহযোগিতা, অভিন্ন স্বার্থ এবং যৌথ লক্ষ্যকে ভিত্তি করে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন দূতাবাস আয়োজিত যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থীর মানবিক সংকটে যুক্তরাষ্ট্র শুরু থেকেই ধারাবাহিকভাবে সহায়তা দিয়ে আসছে। এই সহযোগিতা দুই দেশের গভীর অংশীদারিত্ব ও পারস্পরিক আস্থার উজ্জ্বল উদাহরণ।
তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক কেবল অর্থনীতি বা কূটনীতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মানবিক সহযোগিতা, উন্নয়ন এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করে যাচ্ছে। এই সহযোগিতার পরিধি ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, টেকসই উন্নয়ন, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক পরিসরে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় দুই দেশের যৌথ অঙ্গীকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আশা করেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতা আগামী দিনগুলোতে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় আরও কার্যকর অবদান রাখবে।