ঢাকা অফিস • প্রকাশিত: ২৮ অক্টোবার ২০২৫, ০৯:০৮ পিএম • অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে কোনো অনিয়ম হয়নি: খাদ্য মন্ত্রণালয়

যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে কোনো অনিয়ম হয়নি: খাদ্য মন্ত্রণালয়

যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, অতিরিক্ত দাম বা বিশেষ সুবিধা দেওয়া হয়নি বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, সম্প্রতি এক জাতীয় দৈনিকে প্রকাশিত ‘চুক্তির কারণে বেশি দামে যুক্তরাষ্ট্রের গম কিনছে বাংলাদেশ’ শিরোনামের প্রতিবেদনে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনের উপস্থাপন পদ্ধতি পাঠকদের ভুল ধারণা দিতে পারে বলে মনে করছে মন্ত্রণালয়।

খাদ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানায়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (MoU) আওতায় সরকার থেকে সরকার (জি-টু-জি) পদ্ধতিতে গম আমদানির চুক্তি সম্পন্ন হয়েছে। প্রথম ধাপে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম প্রতি টন ৩০২.৭৫ মার্কিন ডলারে কেনা হয়। পরবর্তী ধাপে একই পরিমাণ গম প্রতি টন ৩০৮ ডলারে আমদানির চুক্তি করা হয়।

মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী, সংবাদ প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের গমের দামের সঙ্গে রাশিয়ার গমের দাম তুলনা করা হয়েছে, যা “সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর”। কারণ, যুক্তরাষ্ট্রের গমের দামে চট্টগ্রাম ও মোংলা সাইলো পর্যন্ত পরিবহন ব্যয়, বীমা, আনলোডিং এবং অন্যান্য বন্দরভিত্তিক খরচ অন্তর্ভুক্ত থাকে। অথচ রাশিয়ার গমের মূল্য নির্ধারিত হয় কেবল তাদের নিজ দেশের বন্দর পর্যন্ত খরচ বিবেচনায়।

বাস্তব তথ্যমতে, বর্তমানে আন্তর্জাতিক বাজারে রাশিয়ার গমের দাম প্রতি টন প্রায় ২৩০ ডলার, আর যুক্তরাষ্ট্রের গমের দাম ২৩২ ডলার—অর্থাৎ পার্থক্য মাত্র ২ ডলার।

এ ছাড়া মন্ত্রণালয় জানিয়েছে, মানের দিক থেকেও যুক্তরাষ্ট্রের গম তুলনামূলকভাবে উন্নত। রাশিয়ার গমে যেখানে গড়ে ১১ শতাংশ প্রোটিন থাকে, সেখানে যুক্তরাষ্ট্রের গমে প্রোটিনের পরিমাণ প্রায় ১৩.৫ শতাংশ—যা পুষ্টিগুণ ও গুণগত মানের দিক থেকে বেশি উন্নত। ফলে মান, প্রোটিনের উচ্চমাত্রা এবং পরিবহন ব্যয় বিবেচনায় যুক্তরাষ্ট্রের গমের দাম সামান্য বেশি হওয়া “যৌক্তিক ও বাজারসম্মত”।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে “স্বচ্ছ, প্রতিযোগিতামূলক এবং সরকার অনুমোদিত আন্তর্জাতিক মানদণ্ড” অনুসারে।