ঢাকা অফিস • প্রকাশিত: ২৮ ডিসেম্বার ২০২৫, ১২:০৭ এ এম • অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খাঁন: লড়বেন ধানের শীষ প্রতীকে

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খাঁন: লড়বেন ধানের শীষ প্রতীকে

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন রাশেদ খাঁন। শনিবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ তাকে ফুল দিয়ে বরণ করে নেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নিশ্চিত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, যুগপৎ আন্দোলনে থাকা শরিক দলগুলোর সাথে আসন সমঝোতার অংশ হিসেবে ঝিনাইদহ–৪ আসনটি ইতোমধ্যে রাশেদ খাঁনের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি। রাজপথের দীর্ঘদিনের সহযোদ্ধা হিসেবে রাশেদ খাঁন তার নতুন এই রাজনৈতিক যাত্রা শুরু করলেন।

বিএনপিতে যোগদানের আগে রাশেদ খাঁন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগপত্রে তিনি দলের সভাপতি নুরুল হক নূরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উল্লেখ করেন যে, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে দীর্ঘ সময় তারা রাজপথে একত্রে আন্দোলন ও রাজনীতি করেছেন। এই দীর্ঘ পথচলায় তার কোনো আচরণ বা বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি ক্ষমা প্রার্থনা করেন।

রাশেদ খাঁন আরও জানান যে, ব্যক্তিগত কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং সভাপতির সম্মতিতেই এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি যেখানেই থাকুন না কেন, সাবেক সহযোদ্ধাদের সাথে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার এবং দেশের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তার এই দলবদল এবং নির্বাচনী প্রার্থী হওয়ার বিষয়টি দেশের রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।