কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বুধবার (১৫ জুলাই) বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। আধুনিক কাতারের অন্যতম স্থপতি এবং বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু হিসেবে পরিচিত এই নেতার প্রতি শ্রদ্ধা জানাতে দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
মঙ্গলবার জারি করা মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
সরকার শেখ হামাদ বিন খলিফা আল থানিকে আধুনিক কাতারের অন্যতম রূপকার, বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের একজন অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করেছে। গত ১২ জুলাই তাঁর মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে দেশের সব মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ও কাতারের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দেশটিতে কর্মরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির প্রতি শেখ হামাদ বিন খলিফা আল থানির অবদানের স্বীকৃতি হিসেবে এই রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।