বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক উদ্বেগের প্রেক্ষাপটে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য লর্ড অ্যালেক্স কার্লাইল। তিনি বলেছেন, অতীতের মতো বিতর্কিত ও অংশগ্রহণহীন নির্বাচন যেন আর না হয়, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোসহ সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক বিবৃতিতে লর্ড কার্লাইল বলেন, ২০২৪ সালের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা দেশটিকে একাধিক সংকটের মুখে ফেলেছে, যার দ্রুত সমাধান প্রয়োজন। তার মতে, আগামীর নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক—এবং স্বাধীন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে তা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের পুনর্জাগরণ ও জনগণের আস্থা পুনরুদ্ধারে একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের বিকল্প নেই। সব অংশকেই এই প্রক্রিয়ার অংশ হতে হবে।”
লর্ড কার্লাইল চলমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিষয়েও মত দেন। তিনি বলেন, এই আদালতের কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য জরুরি সংস্কার প্রয়োজন, যাতে বিচার প্রক্রিয়া হয় স্বচ্ছ, ন্যায়সংগত এবং আইনের শাসনের প্রতি সম্পূর্ণ অনুগত।
এ সময় তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। বলেন, “সংখ্যালঘুরা বর্তমানে গভীর চাপে রয়েছে। রাষ্ট্র ও রাজনৈতিক উভয় পক্ষেরই তাদের সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন।”
তিনি আরও যোগ করেন, “আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। আইনের শাসনকে পুনর্জীবিত করেই বাংলাদেশকে স্থিতিশীল গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা সম্ভব।”