ঢাকা অফিস • প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০২৬, ০৭:১৬ এ এম • অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান তারেক রহমানের

ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান তারেক রহমানের

জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখতে এবং পতিত স্বৈরাচারী শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় ছাত্রদল ও ছাত্রশিবিরসহ সব ছাত্র সংগঠন এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ছাত্র প্রতিনিধিদের সাথে এক বিশেষ বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

বৈঠক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম সাংবাদিকদের জানান, তারেক রহমান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্রসমাজের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। বৈঠকের শুরুতে ছাত্র প্রতিনিধিরা সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোক বইয়ে স্বাক্ষর করেন এবং তার রাজনৈতিক সংগ্রামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সাদিক কায়েম বলেন, তারেক রহমান বিশেষভাবে উল্লেখ করেছেন যে রাজনীতিতে মতভিন্নতা থাকাটাই স্বাভাবিক এবং এটি গণতন্ত্রের সৌন্দর্য। তবে বাংলাদেশ রাষ্ট্র এবং জুলাই বিপ্লবের অর্জিত সাফল্যের প্রশ্নে কোনো বিভাজন চলবে না। তিনি বিএনপি-জামায়াতসহ সব ফ্যাসিবাদবিরোধী দল এবং তাদের ছাত্র সংগঠনগুলোকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন।

বৈঠকে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিভাজন সৃষ্টির অপচেষ্টা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সাদিক কায়েমের মতে, দেশ যখন একটি ইনসাফভিত্তিক সমাজ গড়ার ঐতিহাসিক সুযোগ পেয়েছে, ঠিক তখনই দিল্লির তাঁবেদার ও পরাজিত শক্তিগুলো নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই প্রেক্ষাপটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

গত দেড় দশক ধরে তরুণ প্রজন্মের ভোটাধিকার হরণের বিষয়টি উল্লেখ করে বৈঠকে জানানো হয়, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ছাত্রসমাজকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। একইসাথে ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের মতো কর্মসূচিতে তরুণদের অংশগ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অন্যতম শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়। ছাত্র প্রতিনিধিরা অভিযোগ করেন, এই নৃশংস হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। তারা অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। রাজনৈতিক মতপার্থক্য ভুলে জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়ন এবং ফ্যাসিবাদের চূড়ান্ত বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন ছাত্র প্রতিনিধিরা।