প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য আরও সহজ ও সুবিধাজনক ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে তারা সরাসরি ব্যক্তিগত ই-মেইলে ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) পেয়ে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, প্রবাসী করদাতাদের জন্য অনলাইন রিটার্ন জমা বাধ্যতামূলক না হলেও, অনেকে এর সুবিধা ও কার্যকারিতা দেখে ই-রিটার্ন ব্যবস্থায় আগ্রহ দেখিয়েছেন।
এর আগে প্রবাসীরা নিবন্ধন প্রক্রিয়ায় সমস্যায় পড়তেন, কারণ ওটিপি পাঠানো হতো শুধুমাত্র বাংলাদেশে নিবন্ধিত বায়োমেট্রিক তথ্যযুক্ত মোবাইল সিমে। এবার সেই সমস্যা দূর করতে এনবিআর সরাসরি করদাতার ব্যক্তিগত ই-মেইলে ওটিপি পাঠানোর ব্যবস্থা করেছে।
প্রবাসী করদাতারা এখন তাদের পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, ভিসার কপি, ই-মেইল ঠিকানা ও ছবি ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় পাঠিয়ে ই-মেইল-ভিত্তিক নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। যাচাই-বাছাই শেষে এনবিআর তাদের কাছে ওটিপি ও নিবন্ধন লিংক পাঠাবে। এরপর তারা সহজেই অনলাইনে নিবন্ধন করে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।
এনবিআর জানিয়েছে, অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়াটি সম্পূর্ণ কাগজবিহীন ও সহজ। এর মাধ্যমে করদাতারা তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র তৈরি এবং আয়কর সনদ প্রিন্ট করতে পারবেন।
২০২৫-২৬ করবর্ষে ইতিমধ্যে ৮ লাখ ৫০ হাজারেরও বেশি আয়কর রিটার্ন অনলাইনে দাখিল হয়েছে, যা করদাতাদের সক্রিয় অংশগ্রহণের প্রতিফলন। এনবিআর সকল দেশি ও প্রবাসী করদাতাকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ই-রিটার্ন পদ্ধতিতে রিটার্ন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।