ঢাকা অফিস • প্রকাশিত: ০১ আগষ্ট ২০২৬, ০৬:০৪ পিএম • অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, উভয় পক্ষ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্বকে আরও কার্যকর ও বহুমাত্রিক করার বিষয়ে গুরুত্বারোপ করেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

এর আগে ৩০ জুলাই ঢাকায় পৌঁছান সার্জিও গর। সফরের শুরুতেই তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। এই সফরকে ঢাকা ও ওয়াশিংটনের চলমান কূটনৈতিক সংলাপ এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।