কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সোমবার ঘোষিত দেশব্যাপী লকডাউনের মধ্যেও সারা দেশে সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। রোববার রাজধানীর মতিঝিলে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান এ ঘোষণা দেন।
তিনি জানান, দেশের যোগাযোগব্যবস্থা সচল রাখতে পরিবহন মালিক ও শ্রমিকরা দায়িত্ব পালন করে যাবেন। কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তা প্রতিহত করার কথাও জানান তিনি। একই সঙ্গে আইন–শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসন নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
সংগঠনটির অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণার তারিখ সামনে রেখে আওয়ামী লীগ লকডাউনের ডাক দিয়েছে, যার উদ্দেশ্য দেশের নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করা। আগের লকডাউন কর্মসূচির সময় সারা দেশে প্রায় ২০টি পরিবহনে আগুন দেওয়া হয় এবং ময়মনসিংহে বাসচালক জুলহাসকে পুড়িয়ে হত্যা করা হয় বলে দাবি করেন ফেডারেশনের নেতারা।
হুমায়ূন কবির খান বলেন, জনগণ এসব কর্মসূচি প্রত্যাখ্যান করেছে এবং পরিবহন শ্রমিকেরা নাশকতার বিরুদ্ধে বিক্ষোভ জানিয়েছেন। তিনি ক্ষতিগ্রস্ত শ্রমিক ও মালিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদুসহ অন্য নেতারাও উপস্থিত ছিলেন।