আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার রোধে কেন্দ্রীয়ভাবে নজরদারির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচনের আগে ও চলাকালীন সময়ে এআই-ভিত্তিক অপপ্রচার প্রতিহত করতে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে কার্যকর কৌশল নির্ধারণ করেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ‘নির্বাচনে এআই-এর অপব্যবহার রোধে করণীয়’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি।
তিনি বলেন, “নির্বাচনের আগের রাতেও এআই ব্যবহার করে অপপ্রচার চালানোর আশঙ্কা রয়েছে। এসব বিবেচনায় পার্বত্য ও দুর্গম অঞ্চলগুলোর দিকেও বিশেষ গুরুত্ব দিতে হবে।”
সিইসি আরও বলেন, “এআইয়ের অপব্যবহার এখন বৈশ্বিক চ্যালেঞ্জ। নির্বাচনকে বিভ্রান্তিমুক্ত ও নিরপেক্ষ রাখতে এ প্রযুক্তি যেন অপতথ্যের হাতিয়ার না হয়, সে জন্য ইসি একটি কার্যকর সেল গঠনের উদ্যোগ নিয়েছে।”
কর্মশালায় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, প্রযুক্তি বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সিইসির সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশগ্রহণকারীরা নির্বাচনী প্রক্রিয়ায় প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে করণীয় নিয়ে মতবিনিময় করেন।