ঢাকা অফিস • প্রকাশিত: ০৯ ডিসেম্বার ২০২৫, ০৭:৩৪ এ এম • অনলাইন সংস্করণ

ধেয়ে আসছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ 'পরশ': তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রিতে

ধেয়ে আসছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ 'পরশ': তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রিতে
দেশে আগামী কয়েক দিনের মধ্যেই মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই শৈত্যপ্রবাহ আগামী ১৪ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত সক্রিয় থাকতে পারে।
সোমবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছে। বিডব্লিউওটি জানিয়েছে, এই শৈত্যপ্রবাহের নাম দেওয়া হয়েছে 'পরশ', যা এ মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। এটি সক্রিয় থাকার সময় রংপুর, রাজশাহী, খুলনা এবং সিলেট বিভাগের কিছু কিছু স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
এদিকে, আবহাওয়া অধিদপ্তরও চলতি ডিসেম্বরে এক থেকে দুটি শৈত্যপ্রবাহ দেখা দেওয়ার কথা জানিয়েছে। তারা বলেছে, এই শৈত্যপ্রবাহের প্রকৃতি হবে মৃদু থেকে মাঝারি, অর্থাৎ তাপমাত্রা কমে ১০ ডিগ্রি থেকে প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে।
দেশের বেশিরভাগ স্থানে রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় শৈত্যপ্রবাহের আশঙ্কা আরও জোরালো হয়েছে।
চলতি মৌসুমে এ পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১১ ডিগ্রি, কুমিল্লা, নওগাঁর বদলগাছী, গোপালগঞ্জ ও কুড়িগ্রামের রাজারহাটে ১২ দশমিক ৫, যশোর ও চুয়াডাঙ্গায় ১২ দশমিক ৪ এবং রাজশাহী, কুষ্টিয়ার কুমারখালী ও পাবনার ঈশ্বরদীতে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
শৈত্যপ্রবাহের সংজ্ঞা
সাধারণত তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নামলেই শৈত্যপ্রবাহ শুরু হয়েছে বলে গণ্য করা হয়। আবহাওয়ার মানদণ্ড অনুযায়ী:
তাপমাত্রা ৮-১০ ডিগ্রি হলে মৃদু শৈত্যপ্রবাহ।
৬-৮ ডিগ্রি হলে মাঝারি শৈত্যপ্রবাহ।
৪-৬ ডিগ্রি হলে তীব্র শৈত্যপ্রবাহ।
৪ ডিগ্রির নিচে নামলে অতিতীব্র শৈত্যপ্রবাহ।