জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার তড়িঘড়ি করে দুটি গুরুত্বপূর্ণ আইন পাস করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মনে করেন, জনগণের ম্যান্ডেট ছাড়া এই ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করতে পারে এবং এর পেছনে সরকারের অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে।
শুক্রবার দলের সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক বার্তায় বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন। মির্জা ফখরুল আলমগীর জানান, বিশ্বস্ত সূত্রে তারা জানতে পেরেছেন যে, বর্তমান অন্তর্বর্তী সরকার দ্রুততার সঙ্গে সংশোধিত পুলিশ কমিশন আইন এবং এনজিও সংক্রান্ত আইন দুটি পাস করতে চাইছে।
বিএনপি মহাসচিব মন্তব্য করেন, নির্বাচনের পূর্বে জনগণের ম্যান্ডেট ছাড়াই গুরুত্বপূর্ণ বিষয়ে তড়িঘড়ি করে আইন পাস করা কোনোভাবেই সমীচীন হবে না। তিনি মনে করেন, আইনগুলো পরবর্তী জাতীয় সংসদে যথাযথ আলোচনার মাধ্যমে প্রণয়ন করা সঠিক হবে। এই ধরনের পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে বিএনপি মহাসচিব বলেন, গোটা জাতি এখন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার অপেক্ষায় আছে। তিনি জোর দিয়ে বলেন, গণতন্ত্রে ফিরে যেতে চাইলে অন্যের মত প্রকাশের স্বাধীনতাকেও মূল্য দিতে হবে।