ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৩০০টি আসনের জন্য চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়েছে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র।
সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, দেশের ৬৪টি জেলায় এই ভোটকেন্দ্রগুলো স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। এর মধ্যে পুরুষ ভোটারদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারী ভোটারদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ নির্ধারণ করা হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ১৪টি অস্থায়ী ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রায় ১২ হাজার ভোটকক্ষ থাকবে। প্রতিটি কক্ষে গড়ে তিন হাজার ভোটার ভোট দেওয়ার সুযোগ পাবেন। এ ব্যবস্থাকে ‘ক্যাচমেন্ট এরিয়া’ হিসেবে বিবেচনা করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী সংখ্যায় সামঞ্জস্য আনা হবে।
আগের খসড়ায় ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ৬১৮টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ১৪৮টি। যদিও এবারে ভোটকেন্দ্র বেড়েছে, তবে ভোটকক্ষের সংখ্যা কিছুটা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টিতে।
দ্বাদশ নির্বাচনে এই সংখ্যা ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি।