ঢাকা অফিস • প্রকাশিত: ২৯ নভেম্বার ২০২৫, ০৬:৪৬ এ এম • অনলাইন সংস্করণ

তৃতীয়বারের মতো জামায়াতের আমির পদে ডা. শফিকুর রহমান, শপথ গ্রহণ সম্পন্ন

তৃতীয়বারের মতো জামায়াতের আমির পদে ডা. শফিকুর রহমান, শপথ গ্রহণ সম্পন্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে টানা তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন ডা. শফিকুর রহমান। আগামী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য তিনি দলের নেতৃত্ব দেবেন। এর মধ্য দিয়ে জামায়াতের ইতিহাসে টানা তিন মেয়াদে আমির পদে থাকা নেতাদের তালিকায় অধ্যাপক গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীর সঙ্গে যুক্ত হলেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ডা. শফিকুর রহমানকে শপথ পড়ান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। এ সময় দলটির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন।

গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের রুকনদের গোপন ব্যালটে ভোটগ্রহণের মাধ্যমে এই নির্বাচন সম্পন্ন হয়। প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম ১ নভেম্বর রাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন এবং ২ নভেম্বর বিজ্ঞপ্তির মাধ্যমে তৃতীয় মেয়াদে ডা. শফিকের নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে ডা. শফিকুর রহমান ২০১৯ সালের ১২ নভেম্বর প্রথমবার এবং ২০২২ সালের ৩১ অক্টোবর দ্বিতীয়বার আমির নির্বাচিত হন।

১৯৫৮ সালের ৩১ অক্টোবর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন ডা. শফিকুর রহমান। তিনি সিলেট মেডিক্যাল কলেজ (বর্তমান এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ) থেকে ১৯৮৩ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। চিকিৎসা পেশায় যুক্ত থাকার পাশাপাশি তিনি রাজনৈতিকভাবেও সক্রিয় ছিলেন। তিনি ইসলামী ছাত্রশিবিরের সিলেট মেডিক্যাল কলেজ ও সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন শেষে ১৯৮৪ সালে জামায়াতে ইসলামীতে যোগ দেন। পরবর্তীতে তিনি সিলেট শহর, জেলা ও মহানগর আমিরের দায়িত্ব পালন করেন এবং ২০১৬ সালে দলের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন।