ঢাকা অফিস • প্রকাশিত: ২৩ নভেম্বার ২০২৫, ০৫:৩৬ এ এম • অনলাইন সংস্করণ

ঢাকায় আবারও ভূমিকম্প, মাত্রা ৪.৩—উৎপত্তিস্থল নিয়ে দুই সংস্থার ভিন্ন তথ্য

ঢাকায় আবারও ভূমিকম্প, মাত্রা ৪.৩—উৎপত্তিস্থল নিয়ে দুই সংস্থার ভিন্ন তথ্য

দেশে মাত্র সাত ঘণ্টার ব্যবধানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটের দিকে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্পে হালকা ঝাঁকুনি অনুভূত হয়। এতে বিভিন্ন স্থানে আতঙ্ক সৃষ্টি হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৩ এবং এর উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে, গভীরতা ১০ কিলোমিটার।

তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিকেলের এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানীর বাড্ডা এলাকা এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩। সংস্থার সিসমিক সেন্টার আগারগাঁও থেকে উৎপত্তিস্থলটির দূরত্ব মাত্র ৬ কিলোমিটার পূর্বে বলে উল্লেখ করা হয়।

এর আগে একই দিনে সকাল ১০টা ৩৬ মিনিটে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল ৩.৩। সেটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা এবং শুক্রবার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের আফটার শক বলেও বিশেষজ্ঞরা মত দেন।

গত শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে দেশে ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে দেশজুড়ে ভবনে ফাটল, আতঙ্কে লাফিয়ে ও ধসে বিভিন্ন স্থানে মোট ১০ জনের প্রাণহানির পাশাপাশি আহত হয়েছেন কয়েকশ মানুষ। বিশেষজ্ঞরা একে সাম্প্রতিক সময়ে ঢাকার জন্য সবচেয়ে বড় ভূমিকম্পগুলোর একটি বলে উল্লেখ করেছেন এবং বড় ঝুঁকির সতর্কতাও দিয়েছেন।

দেশে গত ৩৬ ঘণ্টায় মোট তিন দফা ভূমিকম্প অনুভূত হওয়ায় রাজধানীসহ বিভিন্ন এলাকায় উদ্বেগ বাড়ছে।