জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া যাচাই না করেই তাড়াহুড়ো করে স্বাক্ষর করে বিএনপি বড় ভুল করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর মতে, কোনো রাজনৈতিক দলকেই আইনি ভিত্তি যাচাই ছাড়া এমন গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করা উচিত নয়। এনসিপি তাই এখনো সনদে সই করেনি—দলটি প্রথমে এর আইনি কাঠামো ও বাস্তবায়ন প্রক্রিয়া দেখতে চায়।
বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাস্তবায়ন প্রক্রিয়া না দেখে জুলাই সনদে সই করে বিএনপি ভুল করেছে। এখন অন্যের ওপর দায় চাপিয়ে লাভ নেই—নিজেদের ভুলের প্রায়শ্চিত্ত নিজেরাই করতে হবে। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জুলাই সনদের খসড়া প্রদান করা হলে আমরা তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব।’
বিএনপি ও জামায়াতের মধ্যে গণভোট আগে হবে নাকি নির্বাচনের সঙ্গে—এই বিতর্ককে ‘মল্লযুদ্ধ’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এমন তর্ক-বিতর্ক কেবল জুলাই সনদের বাস্তবায়ন ব্যাহত করবে। যারা এ বিভ্রান্তি ছড়াচ্ছেন, তারা আসলে ফ্যাসিবাদকে ফেরাতে চাইছেন।’
তিনি আরও বলেন, ‘গণভোট যেকোনো সময় হতে পারে—এনসিপি তাতে শুভকামনা জানায়। তবে সেটি অবশ্যই সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় আয়োজন করতে হবে।’
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতে, গণ-অভ্যুত্থানকে ভিত্তি ধরে ড. মুহাম্মদ ইউনূসের স্বাক্ষরে একটি আদেশ জারি করতে হবে, যার অধীনে গণভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘সময়ের সীমা নিয়ে আমরা এখনই কোনো অবস্থান নিচ্ছি না।’
তিনি জানান, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হওয়ায় এনসিপি এখনো স্বাক্ষর করেনি। তাঁর ভাষায়, ‘আমরা বারবার বলেছি—জুলাই সনদ শুধু রাজনৈতিক সমঝোতার ফাঁকা বুলি নয়, এর অবশ্যই আইনি ভিত্তি থাকতে হবে। সনদ বাস্তবায়ন সংক্রান্ত আদেশের খসড়া দেখেই আমরা সিদ্ধান্ত নেব।’
নাসীরুদ্দীনের দাবি, এনসিপির দৃঢ় অবস্থানের ফলেই ঐকমত্য কমিশন সম্প্রতি জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা সরকারের কাছে সুপারিশ করেছে। তিনি বলেন, ‘আমরা ঐকমত্য কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানাই।’
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি গত ১৫ বছর আওয়ামী লীগের ক্ষমতার দিনেও টলাতে পারেনি, রাতেও পারেনি। কিন্তু আমরা আওয়ামী লীগের গদি দিনেও নড়িয়েছি, রাতেও নড়িয়েছি।’
ঐকমত্য কমিশন প্রসঙ্গে তিনি বলেন, ‘একসময় এটা সালাহউদ্দিন কমিশন নামে পরিচিত ছিল। এখন তা মেরুদণ্ড ফিরে পেয়েছে। সালাহউদ্দিন কমিশন দেশকে ভিন্নপথে নিতে চেয়েছিল—আমরাই সেটিকে সঠিক পথে এনেছি।’
সংবাদ সম্মেলনে এনসিপি তিন দফা দাবি তুলে ধরে—
১. ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রথম খসড়া (প্রস্তাব-১) গ্রহণ করে এর আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে।
২. সংবিধান সংস্কার বিলের খসড়া প্রণয়ন ও প্রকাশ করতে হবে।
৩. সরকার জুলাই সনদের আইনি ভিত্তিসম্পন্ন খসড়া গ্রহণ করলে স্বাক্ষর প্রক্রিয়ায় এনসিপি অগ্রসর হবে।
শেষে নির্বাচন কমিশনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘নির্বাচন কমিশনের যদি সত্যিকারের সাহস থাকে, তাহলে আমাদের শাপলা ছাড়া অন্য প্রতীক দিক—দেখি, তাদের আসল শক্তি কতটা।’