ঢাকা অফিস • প্রকাশিত: ১৬ অক্টোবার ২০২৫, ১০:১১ পিএম • অনলাইন সংস্করণ

জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ মামলা: শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালের সর্বোচ্চ শাস্তি দাবি রাষ্ট্রপক্ষের

জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ মামলা: শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালের সর্বোচ্চ শাস্তি দাবি রাষ্ট্রপক্ষের

জুলাই ই আন্দোলনে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রপক্ষ।


বৃহস্পতিবার দুপুরে টানা পাঁচ দিন ধরে চলা যুক্তিতর্ক শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আসামিদের সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ডের আবেদন জানান। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে প্রায় ১৪০০ ছাত্র-জনতা নিহত হয়েছিলেন। একজনকে হত্যার দায়ে একবার মৃত্যুদণ্ড দেওয়া যায়, কিন্তু এখানে ১৪০০ জনকে হত্যা করা হয়েছে। আইন অনুযায়ী একাধিক মৃত্যুদণ্ড সম্ভব না হলেও ন্যায়বিচারের স্বার্থে আমরা সর্বোচ্চ শাস্তির আবেদন করছি।”


তাজুল ইসলাম আরও বলেন, ঘটনার ফলে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আসামিদের সম্পদ বাজেয়াপ্ত করে তা ক্ষতিপূরণ হিসেবে প্রদানের আবেদনও জানানো হয়েছে।


আদালত সূত্রে জানা গেছে, আগামী সোমবার (২০ অক্টোবর) শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন তার যুক্তিতর্ক উপস্থাপন শুরু করবেন।