বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় আলোচনা করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি। রোববার সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত জামায়াতের কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় স্থান পায়।
সাক্ষাৎকালে তারা বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। বিশেষ করে দেশের শিল্প খাতের বিকাশ, বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণ এবং বর্তমান প্রেক্ষাপটে রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং একটি স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার বিষয়েও তারা নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় জামায়াতে ইসলামীর বিভিন্ন সময়ের ইতিবাচক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি মনে করেন, বাংলাদেশের সার্বিক অগ্রগতিতে রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সিঙ্গাপুর ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও গভীর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বৈঠকটি ছিল মূলত একটি সৌজন্য বিনিময়, যেখানে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বৈঠকের এই তথ্যগুলো গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।