ঢাকা অফিস • প্রকাশিত: ২৭ ডিসেম্বার ২০২৫, ০৯:৫০ পিএম • অনলাইন সংস্করণ

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের শ্রদ্ধা: নেতাকর্মীদের ঢল ও কঠোর নিরাপত্তা

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের শ্রদ্ধা: নেতাকর্মীদের ঢল ও কঠোর নিরাপত্তা

সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে শুক্রবার রাত ১০টা ৪ মিনিটে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করেন। তার এই আগমনকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কসহ সাভার ও আশুলিয়া এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

তারেক রহমানকে স্বাগত জানাতে এবং এক নজর দেখতে শুক্রবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী স্মৃতিসৌধ এলাকায় জড়ো হতে থাকেন। ব্যানার ও ফেস্টুন হাতে তারা দিনভর প্রিয় নেতার জন্য অপেক্ষা করেন। এর আগে বিকেলের দিকে তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

নিরাপত্তার স্বার্থে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। পুলিশের পাশাপাশি বিজিবি, আনসার এবং সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরা পুরো এলাকাটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেন। স্মৃতিসৌধ প্রাঙ্গণে আগে থেকেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, লুৎফুজ্জামান বাবর, ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ কেন্দ্রীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘ নির্বাসন শেষে গত বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর তিনি রাজধানীর ৩০০ ফিট এলাকায় দলের সংবর্ধনায় অংশ নেন এবং অসুস্থ মা বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে হাসপাতালে যান। স্মৃতিসৌধে আসার আগে শুক্রবার বিকেলে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন।