ঢাকা অফিস • প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০২৬, ০৭:১২ এ এম • অনলাইন সংস্করণ

জকসু নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে

জকসু নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে

দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বা জকসু নির্বাচনে ভোট গণনা এখন শেষ পর্যায়ে। বুধবার রাত পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩৭টির ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফলে ভিপি, জিএস ও এজিএস—প্রধান তিনটি পদেই ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।

৩৭ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম ৫ হাজার ২৭০ ভোট পেয়ে শক্ত অবস্থানে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৪২৪ ভোট। অর্থাৎ ভিপি পদে রিয়াজুল এখন পর্যন্ত ৮৪৬ ভোটে এগিয়ে আছেন। সাধারণ সম্পাদক বা জিএস পদে ব্যবধান আরও স্পষ্ট। এই পদে শিবিরের আরিফ ৫ হাজার ২৭৬ ভোট পেয়ে বিশাল ব্যবধানে এগিয়ে আছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ৪২ ভোট। এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক বা এজিএস পদে শিবিরের মাসুদ ৪ হাজার ৭৪১ ভোট পেয়ে লিড ধরে রেখেছেন, তার পেছনে ৩ হাজার ৭২৫ ভোট নিয়ে আছেন আতিকুল রহমান তানজিল।

কয়েক দফা স্থগিত ও সময় পরিবর্তনের পর গতকাল মঙ্গলবার জকসু ও হল সংসদের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ১৬ হাজার ৪৪৫ জন ভোটারের মধ্যে প্রায় ৬৬ শতাংশ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটার তালিকায় নারী শিক্ষার্থীর সংখ্যা ৮ হাজার ৪৭৯ এবং পুরুষ শিক্ষার্থীর সংখ্যা ছিল ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে ১৯০ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথ ব্যবহার করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বাকি দুটি কেন্দ্রের ফলাফল যোগ হওয়ার পর চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। দীর্ঘ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীরা আশা করছেন, নির্বাচিত প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবেশ ও আবাসন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।