ঢাকা অফিস • প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০২৬, ০৭:২২ এ এম • অনলাইন সংস্করণ

জকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল জয়ী

জকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল জয়ী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বা জকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল নিরঙ্কুশ জয় লাভ করেছে। বুধবার রাত পৌনে ১২টার দিকে কেন্দ্রীয় সংসদের ৩৮টি কেন্দ্রের ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত ফলে ভিপি, জিএস এবং এজিএস—শীর্ষ এই তিন পদেই ছাত্রদল সমর্থিত প্রার্থীরা পরাজিত হয়েছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। অর্থাৎ ৮৭০ ভোটের ব্যবধানে ভিপি পদটি নিজেদের করে নিয়েছে শিবিরের প্যানেল। সাধারণ সম্পাদক বা জিএস পদেও বড় ব্যবধানে জয় পেয়েছেন শিবিরের প্রার্থী আরিফ। তিনি পেয়েছেন ৫ হাজার ৪৬৮ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাদিজাতুল কুবরা পেয়েছেন মাত্র ২ হাজার ১৩৩ ভোট। এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক বা এজিএস পদে ৫ হাজার ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শিবিরের মাসুদ রানা। তার প্রতিদ্বন্দ্বী আতিকুল রহমান তানজিল পেয়েছেন ৩ হাজার ৯৪৩ ভোট।

কয়েক দফা সময় পরিবর্তনের পর মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে জকসু ও হল সংসদের এই ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের মোট ১৬ হাজার ৪৪৫ জন ভোটারের মধ্যে ৬৬ শতাংশ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটারদের মধ্যে ছাত্রীদের সংখ্যা ছিল ৮ হাজার ৪৭৯ এবং ছাত্রদের সংখ্যা ছিল ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে ১৯০ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন এবং ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, কেন্দ্রীয় সংসদের ৩৮টি কেন্দ্রের পাশাপাশি একটি হলের জন্য আলাদা কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল। দীর্ঘ সময় পর অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। নবনির্বাচিত প্রতিনিধিদের হাত ধরে বিশ্ববিদ্যালয়ের আবাসন ও পরিবহন সমস্যার মতো দীর্ঘদিনের সংকটগুলো নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন।