সংবিধান সংস্কার ও নির্বাচন প্রশ্নে আসন্ন গণভোটে বিএনপি ইতিবাচক সায় দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। তিনি উল্লেখ করেন, বিএনপিই সবার আগে সংস্কারের দাবি জানিয়েছিল, তাই গণভোটে হ্যাঁ ভোট দেয়াই তাদের দলের সিদ্ধান্ত।
বৈঠক শেষে নজরুল ইসলাম খান প্রার্থিতা বাতিলের বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, সংবিধানে দ্বৈত নাগরিকত্ব ত্যাগের পর নির্বাচনে অংশগ্রহণের স্পষ্ট সুযোগ থাকলেও অনেক রিটার্নিং অফিসার প্রার্থীদের আবেদন বাতিল করছেন। আইন সবার জন্য সমান হওয়া উচিত এবং বিষয়টি যাতে আরও জটিল না হয় সেদিকে নজর দিতে তিনি নির্বাচন কমিশনকে অনুরোধ জানান।
পোস্টাল ব্যালট তৈরিতে অনিয়মের অভিযোগ তুলে এই বিএনপি নেতা বলেন, বর্ণমালা অনুসারে ব্যালট সাজানো হয়নি এবং বিশেষ কিছু দলের নাম আগে রাখা হয়েছে। কর্মকর্তাদের এমন কর্মকাণ্ড উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে মূল নির্বাচনে ব্যালট পেপার ও প্রতীকের ক্ষেত্রে যেন এই ধরনের ভুল না হয়, সে বিষয়ে কমিশনকে সতর্ক থাকতে বলেন।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগের অভাব রয়েছে বলেও অভিযোগ করেন নজরুল ইসলাম খান। তিনি জানান, ইসির অনুরোধে তারেক রহমান তার সফর বাতিল করলেও অন্যান্য রাজনৈতিক দল প্রচারণা চালিয়ে যাচ্ছে, যার বিরুদ্ধে কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এছাড়া বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বিএনপি প্রার্থীদের শোকজ করা হলেও বড় শহরগুলোতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ইসি নীরব থাকছে বলে তিনি দাবি করেন।
বিকাল চারটায় শুরু হওয়া এই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিনিধি দলে নজরুল ইসলাম খানের সঙ্গে আরও ছিলেন ইসমাইল জবিউল্লাহ, মোহাম্মদ জকরিয়া এবং রুহুল কুদ্দুস কাজল।