ঢাকা অফিস • প্রকাশিত: ০৬ ডিসেম্বার ২০২৫, ০২:৫৯ এ এম • অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশে বিশেষ দোয়া: চিকিৎসার জন্য লন্ডন যাত্রায় অনিশ্চয়তা

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশে বিশেষ দোয়া: চিকিৎসার জন্য লন্ডন যাত্রায় অনিশ্চয়তা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর সারাদেশে মসজিদগুলোতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন এই নেত্রীর সুস্থতা কামনায় দেশের অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনা করার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা নয়াপল্টনে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া অনুষ্ঠানে দলটির নেতাকর্মীসহ স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

লন্ডন যাত্রায় বিলম্ব

দোয়া মাহফিলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, কারিগরি ত্রুটির কারণে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সটি শুক্রবার ঢাকায় পৌঁছায়নি। সব ঠিক থাকলে সেটি শনিবার (৬ ডিসেম্বর) পৌঁছাতে পারে।

বিএনপি মহাসচিব বলেন, "আগামীকাল কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুল্যান্স পৌঁছালে রোববার (৭ ডিসেম্বর) লন্ডনে নেওয়া হবে বেগম জিয়াকে। তবে উনি ফ্লাই করতে পারবেন কি না, সেই সিদ্ধান্ত চিকিৎসকরা নেবেন।" তিনি দেশবাসীর কাছে বেগম জিয়ার জন্য দোয়া চান।

গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, "বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাগার থেকেই তার রোগের সূচনা। চিকিৎসার অভাবে তিনি গুরুতর অসুস্থ হন।"

দলটি জানায়, মেডিক্যাল বোর্ড যদি খালেদা জিয়ার শরীরকে যাত্রার জন্য উপযুক্ত মনে করে এবং সবুজ সংকেত দেয়, তবেই রোববার তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হবে।