ঢাকা অফিস • প্রকাশিত: ০৩ ডিসেম্বার ২০২৫, ০৯:০৮ পিএম • অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার চিকিৎসায় ব্রিটিশ বিশেষজ্ঞ দল ঢাকায়, নতুন 'দিকনির্দেশনা'র প্রত্যাশা

খালেদা জিয়ার চিকিৎসায় ব্রিটিশ বিশেষজ্ঞ দল ঢাকায়, নতুন 'দিকনির্দেশনা'র প্রত্যাশা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিতে যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। আজ বুধবার (৩ ডিসেম্বর) বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মামুন জানান, বিশেষজ্ঞ এই চিকিৎসক দলের নেতৃত্ব দিচ্ছেন ডা. রিচার্ড বিলি। বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তার উন্নত ও সার্বিক চিকিৎসা নিশ্চিত করতে এবং চলমান চিকিৎসা ব্যবস্থাপনার আরও গভীর মূল্যায়নের জন্য হাসপাতালের মেডিকেল বোর্ড অতিরিক্ত বিশেষজ্ঞ মতামতের প্রয়োজনীয়তা অনুভব করে। এর পরিপ্রেক্ষিতেই যুক্তরাজ্য ও চীন থেকে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দলকে আমন্ত্রণ জানানো হয়।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান আশা প্রকাশ করেন, বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক দলের অংশগ্রহণে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে।

তিনি আরও জানান, এরইমধ্যে এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড বিদেশি চিকিৎসকদের সঙ্গে প্রয়োজনীয় মেডিকেল রিপোর্ট এবং সাম্প্রতিক পরীক্ষার তথ্য-উপাত্ত আদান-প্রদান করেছে। এর উদ্দেশ্য হলো, তারা যেন প্রাথমিক পর্যায় থেকেই সমন্বিত সিদ্ধান্ত নিতে পারেন এবং খালেদা জিয়ার চিকিৎসায় সর্বোত্তম ব্যবস্থা গ্রহণ করা যায়।