বিশ্বের জনপ্রিয় অসংখ্য ওয়েবসাইট হঠাৎ করেই অচল হয়ে পড়ে ক্লাউডফ্লেয়ারের প্রযুক্তিগত জটিলতার কারণে। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেলের পর থেকেই দেশি–বিদেশি গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স, চলচ্চিত্র পর্যালোচনাভিত্তিক সাইট লেটারবক্সডসহ বিপুলসংখ্যক ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে ব্যবহারকারীরা ত্রুটি বার্তা পান যেখানে জানানো হয়, ক্লাউডফ্লেয়ারের সমস্যার কারণে পেজ লোড করা সম্ভব হয়নি।
ইন্টারনেট অবকাঠামো, সাইবার সুরক্ষা ও সিডিএন সেবা প্রদানকারী ক্লাউডফ্লেয়ার বিশ্বজুড়ে ওয়েব ট্রাফিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের সিস্টেমে সামান্য ত্রুটিও একযোগে অসংখ্য ওয়েবসাইটে প্রভাব ফেলতে পারে। বিশ্বের প্রায় ৩১০টি শহরে প্রতিষ্ঠানটির সার্ভার রয়েছে, বাংলাদেশেও ঢাকা ও চট্টগ্রামে তাদের অবকাঠামো সক্রিয়।
বিভ্রাট দেখা দেওয়ার পর এক বিবৃতিতে ক্লাউডফ্লেয়ার জানায়, সমস্যাটি বহু গ্রাহকের সেবা ব্যাহত করতে পারে এবং এর কারণ অনুসন্ধান চলছে। পরে তারা জানায়, ত্রুটির উৎস শনাক্ত করা হয়েছে এবং দ্রুত সমাধানে কাজ করা হচ্ছে।
ওয়েবসাইট বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টরও শুরুতে একই সমস্যায় আক্রান্ত হয়। কিছুক্ষণ পর সাইটটি সচল হলে দেখা যায়, বিশ্বজুড়ে ওয়েবসাইট অকেজো হওয়ার ঘটনার রিপোর্ট হঠাৎ বেড়ে গেছে, যা ক্লাউডফ্লেয়ারের ত্রুটির পরিধি স্পষ্ট করে।
বিশ্বব্যাপী ঠিক কতগুলো সাইট এই বিপর্যয়ে আক্রান্ত হয়েছে তা এখনও জানা যায়নি। তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ক্লাউডফ্লেয়ারের মতো এককেন্দ্রিক অবকাঠামোতে কোনো বড় ত্রুটি দেখা দিলে একইসঙ্গে বহু সাইট অচল হয়ে যাওয়ার ঘটনা নতুন নয় এবং এটি ইন্টারনেট নির্ভরতার দুর্বল দিকগুলোকেই আরও স্পষ্ট করে তোলে।