বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি কারিগরি সমস্যার কারণে ঢাকায় পৌঁছাতে বিলম্বিত হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবির খান। তিনি জানান, প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানটির উড্ডয়ন স্থগিত করা হয়েছে এবং কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি কখন উড্ডয়ন করবে, সেই সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কাতারের আমিরের ব্যক্তিগত উদ্যোগে সর্বাধুনিক সুবিধাসম্পন্ন একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। এতে অপারেশন থিয়েটারসহ উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব জরুরি সুবিধা রয়েছে।
মির্জা ফখরুল বলেন, "আজ রাতের মধ্যেই এয়ার অ্যাম্বুলেন্সটির ঢাকায় পৌঁছানোর কথা ছিল এবং খুব ভোরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হওয়ার পরিকল্পনা ছিল।" তবে কারিগরি জটিলতার কারণে সেই সময়সূচিতে পরিবর্তন এসেছে।
তিনি আরও জানান, চিকিৎসার আনুষঙ্গিক সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। ম্যাডামের সঙ্গে যাচ্ছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল।
তিনি বলেন, "আমরা আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি, তিনি যেন ম্যাডামকে সুস্থভাবে বিদেশে নিয়ে যেতে এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরে আসতে সহায়তা করেন।"
বিএনপি মহাসচিব উল্লেখ করেন, দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত যৌথ মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে যুক্তরাজ্যের একটি উন্নত হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তারা জানান, সারাদেশের মানুষ এই জনপ্রিয় নেত্রীর সুস্থতার জন্য দোয়া করছেন এবং তার সফল চিকিৎসার অপেক্ষায় আছেন।