রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে প্রায় ১৬ ঘণ্টা চেষ্টা শেষে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিভে গেছে বলে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা এমও রাশেদ বিন খালিদ জানান।
মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে বস্তির ঘিঞ্জি এলাকায় আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেল। তবে বিচ্ছিন্ন স্থানে ছড়িয়ে থাকা আগুন সম্পূর্ণ নেভাতে আরও কয়েক ঘণ্টা সময় লাগে।
দীর্ঘ সময় আগুন নিয়ন্ত্রণে দেরি হওয়ার কারণ হিসেবে তীব্র পানি সংকটকে উল্লেখ করেছে ফায়ার সার্ভিস। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৌবাজার সংলগ্ন নালায় সেচপাম্প বসিয়ে পানি সরবরাহের ব্যবস্থা করা হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বস্তির শতাধিক ঘর পুড়ে গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এবং আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।