প্রকাশিত: ২৫ অক্টোবার ২০২৫, ০৫:১৯ এ এম • অনলাইন সংস্করণ

ওমরাহ ভ্রমণে বাধ্যতামূলক রিটার্ন টিকিট

ওমরাহ ভ্রমণে বাধ্যতামূলক রিটার্ন টিকিট

এখন থেকে সৌদি আরবে ওমরাহ করতে গেলে যাত্রীদের রিটার্ন টিকিট কাটা বাধ্যতামূলক করা হয়েছে। যাত্রার সময় বিমানবন্দরের চেক-ইন কাউন্টারে ফিরতি টিকিট দেখানো ছাড়া বোর্ডিং পাস দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ট্রাভেল এজেন্ট।

সৌদি এয়ারলাইনস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নতুন এই নির্দেশনা দিয়েছে। এখন থেকে ভিসার ধরন বা নাগরিকত্ব নির্বিশেষে সব ওমরাহযাত্রীকেই আগাম ফিরতি টিকিট বুক করতে হবে।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের এক যাত্রী দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দাগামী ফ্লাইট ধরতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হন। ওমরাহ ভিসা থাকলেও ফিরতি টিকিট না থাকায় তাকে চেক-ইন কাউন্টারে থামিয়ে দেওয়া হয়।

ভ্রমণ সংস্থাগুলোর মতে, নতুন নিয়মের মাধ্যমে কর্তৃপক্ষ সহজে প্রতিটি যাত্রীর অবস্থানের মেয়াদ নির্ধারণ করতে পারছে এবং কেউ যাতে অতিরিক্ত সময় অবস্থান না করে তা নিশ্চিত করছে।

ট্রাভেল এজেন্টরা বলছেন, এখন সিস্টেমে ভিসার মেয়াদ ও ভ্রমণের তারিখ ক্রস-চেক করা হয়। ফিরতি টিকিট থাকলে বোঝা যায় যাত্রী কবে দেশে ফিরবেন। এতে ইমিগ্রেশন ও বোর্ডিংয়ের সময় কোনো জটিলতা হয় না।

এছাড়া যাত্রীদের সম্পূর্ণ তথ্য অনলাইনে আপলোড করতে হয়। যদি কারও ফেরার তারিখ সিস্টেমে না থাকে, তাহলে অনেক সময় চেক-ইন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয় না। ফলে যাত্রীরা অপ্রয়োজনীয় মানসিক চাপে পড়েন। নতুন নিয়মে এই সমস্যা অনেকটাই কমে গেছে।

ট্রাভেল অপারেটরদের মতে, ফিরতি টিকিট শুধু এয়ারলাইনের জন্য নয়, সৌদি কর্তৃপক্ষের পরিকল্পনা ও ব্যবস্থাপনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। এটি হজ ও ওমরাহ মৌসুমে যাত্রী চলাচল, পরিবহন এবং হোটেল ব্যবস্থাপনা সহজ করে, ফলে ভ্রমণ হয় ঝামেলামুক্ত।

ওমরাহ ভ্রমণের পরিকল্পনা করার সময়ই যাওয়া ও ফেরার টিকিট একসঙ্গে বুক করার পরামর্শ দিয়েছে ট্রাভেল এজেন্সিগুলো। এতে শেষ মুহূর্তের দুশ্চিন্তা ও বিমানবন্দরের জটিলতা এড়ানো সম্ভব হবে।

সূত্র: খালিজ টাইমস