ঢাকা অফিস • প্রকাশিত: ০৬ ডিসেম্বার ২০২৫, ০৬:২৩ এ এম • অনলাইন সংস্করণ

এন্ডোসকপির পর খালেদা জিয়ার পাকস্থলীর অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ

এন্ডোসকপির পর খালেদা জিয়ার পাকস্থলীর অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন হওয়ার পর তার পাকস্থলীর অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ হয়েছে বলে জানা গেছে। বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য শুক্রবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন।

মেডিকেল বোর্ডের ওই সদস্য জানান, বোর্ডের পরামর্শেই শুক্রবার বিকেলে বেগম জিয়ার এন্ডোসকপি সম্পন্ন হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে তার স্টমাকের (পাকস্থলী) ভেতরের রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, এন্ডোসকপির পুরো প্রক্রিয়াটি পর্যাপ্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে।

হাসপাতালের অন্য একটি সূত্র থেকে জানা যায়, সন্ধ্যার পর এন্ডোসকপি শেষ হওয়ার পর খালেদা জিয়ার আরেকটি মাইনর অপারেশনও সম্পন্ন হয়েছে। রাতে এনিয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকসহ মেডিকেল বোর্ড জরুরি বৈঠকে বসার কথা। এই বৈঠকে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়েও আলোচনা উঠবে বলে জানা গেছে।

এদিকে, বেগম জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান দুপুরে ঢাকায় পৌঁছেছেন। ধারণা করা হচ্ছে, খালেদা জিয়ার লন্ডন যাত্রার সময় তিনি তার সঙ্গে থাকবেন।

প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৩০ নভেম্বর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয় এবং ভেন্টিলেশনে রাখা হয়।