ঢাকা অফিস • প্রকাশিত: ৩০ নভেম্বার ২০২৫, ০৮:৫৩ এ এম • অনলাইন সংস্করণ

এনইআইআর সংস্কারের দাবিতে আজ সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধ ঘোষণা এমবিসিবির

এনইআইআর সংস্কারের দাবিতে আজ সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধ ঘোষণা এমবিসিবির

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থা সংস্কারের দাবিতে আজ রোববার (৩০ নভেম্বর) ঢাকাসহ সারা দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন 'মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ' (এমবিসিবি)।

শনিবার (২৯ নভেম্বর) রাতে সংগঠনটির পক্ষে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জনসংযোগ প্রতিষ্ঠান টাইমস পিআরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিজানুর রহমান সোহেল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একচেটিয়া সিন্ডিকেট নীতি বন্ধ, ন্যায্য করনীতি নিশ্চিতকরণ এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ তৈরির দাবিতে আজ সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজার-পান্থপথ এলাকায় এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, অনিবন্ধিত মোবাইল ফোন হ্যান্ডসেট ব্যবহার রোধ এবং টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা জোরদার করতে সরকার আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর (NEIR) ব্যবস্থা কার্যকর করতে যাচ্ছে। এই ব্যবস্থা চালু হলে ১৬ ডিসেম্বরের পর নিবন্ধনবিহীন বা আমদানি অননুমোদিত কোনো ফোন দেশের মোবাইল নেটওয়ার্কে আর ব্যবহার করা যাবে না। মোবাইল ব্যবসায়ীরা এই ব্যবস্থার কিছু দিক সংস্কারের দাবি জানিয়ে ধর্মঘট ও মানববন্ধনের ডাক দিয়েছেন।